২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাল্টিফ্যাবস: তদন্ত প্রতিবেদনে বয়লার বিস্ফোরণের ৭ কারণ

গাজীপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবসের কারখানায় বয়লার বিস্ফোরণের পেছনে সাতটি কারণ চিহ্নিত করে প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 04:03 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বৃহস্পতিবার সকালে তার ভাওয়াল সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন।

গত ৩ জুলাই মাল্টিফ্যাবস লিমিটেড নামের কারখানায় ডাইং সেকশনের বয়লার বিস্ফোরণে চারতলা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে।

এ ঘটনায় ১৩ জনের মৃত্যু কথা জানায় পুলিশ। এছাড়া অন্তত ৪২ জন শ্রমিক-পথচারী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

বিস্ফোরণের দিনই জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে।

জেলা প্রশাসক বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলামকে প্রধান করে গঠিত তাদের আট সদস্যের তদন্ত কমিটি বিস্ফোরণের পেছনে সাতটি ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করেছে।

সেগুলো হচ্ছে - বয়লারের প্রেশার গেজ নষ্ট হয়ে যাওয়া, ডেলিভারি লাইন বন্ধ থাকা, লিভারটিতে স্লট না কাটা, প্রেশার রিলিজ না করা, অপারেটরদের তদারকের অভাব, অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত ত্রুটি।

এসব কারণেই বয়লারটি বিস্ফোরিত হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, প্রতিবেদনে তদন্ত কমিটি ২০টি সুপারিশ দিয়েছে।

এতে বিদ্যমান বয়লার আইন ১৯২৩ সংশোধন করে শাস্তির মেয়াদ বৃদ্ধিসহ যুগোপযোগী করার সুপারিশও দেওয়া হয়েছে।

এসব সুপারিশে উন্নত বয়লার নির্মাণসহ যথাযথ তদারকের কথা বলা হয়েছে।

তদন্তে মোট ২৯ জনের জবানবন্দি গ্রহণ করা হয় জানিয়ে জেলা প্রশাসক বলেন, ২৮ পৃষ্ঠার এই প্রতিবেদনের সঙ্গে আরও ৯১ পৃষ্ঠার সংযুক্তি দেওয়া হয়েছে।

প্রতিবেদনের বরাতে তিনি বলেন, কারখানাটিতে ৫ টন ও ১০ টনের দুটি বয়লার ছিল। এর মধ্যে ৫ টনের বয়লারটি বিস্ফোরিত হয়, আর কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ১০ টনের বয়লারটি।

জেলা প্রশাসক জানান, বিস্ফোরিত বয়লারটি ১৯৯৬ সালে জার্মানির অমনিকা কোম্পানি নর্মাণ করেছে। ১৯৯৮ সালে ইউরোপ এশিয়াটিক কোম্পানি এটি স্থাপন করে। প্রথম ২০০৩ সালের ১০ জুন বয়লার পরিদর্শক বয়লারটি পরিদর্শন করেন এবং এরপর রেজিস্ট্রেশন দেওয়া হয়। সর্বশেষ প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় ২০১৬ সালের ৩১ অগাস্ট এ বছরের ২৪ জুন পর্যন্ত চালানোর অনুমতি দেয়।

“বিস্ফোরণের দিন বয়লারটির রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হলেও বয়লারের আয়ুষ্কাল উত্তীর্ণ হয়েছে এমনি বলা যাবে না।”

জেলা প্রশাসনের এই তদন্ত কমিটিতে পুলিশ, ফায়ার সার্ভিস, বয়লার পরিদর্শক, কলকারখানা পরিদপ্তর, বিজিএমইএ এবং গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তারা ছিলেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকলেও তদন্ত কমিটির কেউ ছিলেন না।

পুরনো খবর:

বয়লার বিস্ফোরণ: আসামির তালিকায় নিহত ৩ শ্রমিক
বিস্ফোরণে নিহত নওগাঁর পায়েল, দিশেহারা পরিবার
গাজীপুরে বিস্ফোরিত বয়লারের মেয়াদ ছিল না
বিস্ফোরণে নিহতের পরিবার পাবে ৮ লাখ টাকা: শ্রম প্রতিমন্ত্রী