২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বগুড়া কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতির অর্থ আত্মসাৎ মামলায় সমিতির সাবেক সভাপতি জামায়াতনেতা জহুরুল ইসালাম ও সাউথইস্ট ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক শহীদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 10:58 AM

Updated : 19 Aug 2022, 05:03 PM

বগুড়া দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মঙ্গলবার এক কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতের এই মামলায় অভিযোগপত্র জমা দেন বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

আমিনুল বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর হোসেন খান বাদী হয়ে গত বছরের ২৪ জানুয়ারি বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, জেলা সমবায় কর্মকর্তা শাহিনূর ইসলাম ও জহুরুল ইসলামের যৌথ নামে সমিতির একটি এফডিআর ছিল সাউথইস্ট ব্যাংকে। সমবায় কর্মকর্তার স্বাক্ষর জাল করে জহুরুল এফডিআর-এর বিপরীতে ঋণের আবেদন করেন। আর সাউথইস্ট ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক শহিদুল কাগজপত্র যাচাই না করে আর্থিক সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার করে ঋণ মঞ্জুর করেন।

এই দুইজন এক কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকা ঋণ হিসেবে উত্তোলনের পর আত্মসাৎ করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

বিবাদী জহুরুল ইসলাম বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি। আর শহিদুল ইসলাম বর্তমানে শেরপুর জেলায় ফার্মার্স ব্যাংকে কর্মরত।