২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্যারেজ থেকে মালিকের লাশ উদ্ধার

গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় টেম্পো গ্যারেজ থেকে মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 12:38 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

জয়দেবপুর থানার এসআই আল আমিন জানান, সোমবার সকালে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কের পাশের একটি গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হযরত আলী (৬৫) সিটি করপোরেশনের ইটাহাটা কলাবাগান এলাকার তাসান উল্লাহর ছেলে।

এসআই আল আমিন প্রাথমিক তদন্তের বরাতে বলেন, হযরত আলী নিজেই দুইজন কর্মচারী নিয়ে গ্যারেজটি পরিচালনা করতেন। রোববার রাত ১টার দিকে তিনি গ্যারেজের টিনের ছাপড়া ঘরে আর তার কর্মচারী সজীব ও রায়হান পাশের চাকা মেরামতের দোকানে ঘুমান।

“সোমবার সকাল ৮টার দিকে আলম নামের এক স্কুটারচালক গ্যারেজে থাকা তার গাড়ি নিতে গিয়ে হযরত আলীকে ধর্ণার সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।”

নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই জানিয়ে এসআই আল আমিন বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে।

নিহতের ভাই ওসমান আলী সাংবাদিকদের বলেন, হযরত আলীর সঙ্গে কারও শত্রুতা ছিল না। পারিবারের কারও সঙ্গেও তার কোনো ঝগড়া-বিবাদ হয়নি।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।