গোবিন্দগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার কামদিয়া ইউনিয়নের নেমারপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান।
নিহত শিপন মিয়া (১৯) ওই গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন তিনি।
কামদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফাসিউল ইসলাম বলেন, খালাত বোনের বিয়ের অনুষ্ঠান শেষে রোববার সকালে শিপন বাড়িতে ফিরেছে। এসময় বাড়িতে তার দাদি আঞ্জুয়ারা বেওয়া ছাড়া কেউ ছিল না।
“সকালে বাড়ি এসে ঘুমানোর কথা বলে শিপন নিজ ঘরে যায়। এরপর দুপুরে গোসল করার জন্য দাদি তাকে ডাকতে গিয়ে ঘরের ভেতর গলাকাটা অবস্থায় দেখতে পায়।”
ওসি মজিবুর বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা করেছে নাকি কেউ গলা কেটে হত্যা করেছে।
