২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা প্রত্যাহারের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 07:54 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন বক্তব্য সম্বলিত ব্যানার হাতে নিয়ে দাঁড়ায়।

ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি অলিউর রহমান সানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান শুভ্র বলেন, “আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি। আমাদের এই দাবি আজকের এ কর্মসূচিতেই শেষ না; এ আন্দোলন চলবে।”

মানববন্ধন শেষে আন্দোলনের অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় অনুষ্ঠেয় মৌন মিছিলে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

গত ২৬ মে ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় বাস চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র নাজমুল হাসান রানা এবং মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র আরাফাত হোসেন।

এর প্রতিবাদে ২৬ মে এবং ২৭ মে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ২৭ মে বিকালে পুলিশের লাঠিপেটায় আন্দোলনকারীরা রাস্তা ছাড়তে বাধ্য হয়। পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল ও রাবার বুলেটে সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাসহ আহত হয় ১০ জন।

পরে সন্ধ্যায় আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাংচুর চালায়। রাতে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষকদের হত্যাচেষ্টা, হামলা-ভাংচুরসহ বিভিন্ন ধারায় একটি মামলা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

ওই রাতেই পুলিশ উপাচার্যের বাসভবনের ভেতরে থাকা ১০ ছাত্রীসহ আন্দোলনকারী ৪২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। পরদিন বিকালে ওই শিক্ষার্থীরা জামিনে মুক্তি পান।