বিএনপির কাজ ঘরে বসে ব্রিফিং আর কান্নাকাটি: ওবায়দুল কাদের
দেশের রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ দল বিএনপির কার্যক্রমের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “বিএনপি ঘরে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে।
“আমাদের তো হাজার হাজার কর্মীকে তারা হত্যা করে রক্তস্রোত বইয়ে দিয়েছিল। আমাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে।”
শনিবার ঠাকুরগাঁওয়ে দলের এক অনুষ্ঠানে কর্মীদের দুর্দশা স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কেঁদে ওঠা নিয়ে রোববার যশোরে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের।
খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার পথে যশোরের রাজারহাটে যাত্রা বিরতি দিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকার ‘মিথ্যাচার করেছে’ বলে বিএনপির বক্তব্যকে ‘ভাঙা রেকর্ড বাজানোর পুরনো অভ্যাস’ বলে মন্তব্য করেন তিনি।
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা থেকে ইউনেসকো সরে এসেছে বলে সরকারের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করে ফখরুল একে ‘মিথ্যাচার’ ও ‘জনগণের সাথে প্রতারণা’ আখ্যায়িত করেছিলেন।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “রামপালে বিদ্যুৎকেন্দ্র একেবারেই নির্মাণ করা যাবে না বলে ইউনেসকোর যে নিষেধাজ্ঞা ছিল, সেটা আমরা অতিক্রম করেছি। এখন বিদ্যুৎকেন্দ্র করা যাবে। তবে ইউনেসকোর ছোট ছোট কিছু শর্ত আছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো আমরা সংশোধন করে নেব।
“এ ব্যাপারে যা সত্য, দিবালোকের মতো পরিষ্কার, সেটাই আমরা বলেছি।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার আনিসুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
