পদ্মায় পানি বৃদ্ধি, ফরিদপুরে সেতু ধসে যোগাযোগ ব্যাহত
পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ফরিদপুর সদরে একটি শাখা খালের উপর সেতু ধসে পড়েছে।
এ কারণে একটি ইউনিয়নের সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটি মসজিদ ও কয়েকটি বাড়ি হুমকির মুখে পড়েছে।
রোববার সকালে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গির সেতুটি ধসে পড়ে।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, গোলডাঙ্গির পুরাতন সেতুটির পাশে বড় একটি সেতুর নির্মাণ কাজ চলছে। কাজের কারণে সেতুর পাশে বাঁশ ও মাটি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল।
“পদ্মার পানি বৃদ্ধির ফলে বন্ধ থাকা অংশে পানির চাপ বাড়তে থাকে। সকাল ৬টার দিকে পানির তীব্র স্রোতে পুরাতন সেতুটির পূর্ব পাশের অংশ ধসে যায়।”
ফলে ফরিদপুর শহরের সঙ্গে নর্থ চ্যানেল ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চরাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র সেতুটি ধসে যাওয়ায় বিপাকে পড়েছে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ। এছাড়া একটি মসজিদসহ কয়েকটি বাড়ি হুমকির মুখে রয়েছে বলে জানান মোস্তাকুজ্জামান।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, “হঠাৎ পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় এমনটি ঘটেছে। এলাকাবাসীর যাতায়াতের জন্য আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণে কাজ করছি।”
