নরসিংদীর ছাত্রদল নেতা নাহিদের সন্ধান দাবি
নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদের সন্ধান দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী।
বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নাহিদের আত্মীয় স্বজন, দলের নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন নরসিংদীর জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহি, নাহিদের মা সাজেদা বেগম, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পৌর কাউন্সিলর রুকনুজ্জামান, বিএনপি নেতা হারুন অর রশিদ ও নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস মো. ইলিয়াছ প্রমুখ।
বক্তারা নাহিদের সন্ধান দাবি করেন।
নাহিদের মা বলেন, গত ৮ জুন রাতে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে বাড়ি তুলে নিয়ে যাওয়া হয় নাহিদকে। এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পর দিন তার চাচা খলিলুর রহমান নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি ও পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ করেন।
