গাইবান্ধার চরে অভিযানে ‘ডাকাত’ গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে অভিযানে এক ‘ডাকাত’ গ্রেপ্তার হলেও কোনো জঙ্গি আস্তানার খোঁজ পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার দুপুরে সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর এলাকায় জঙ্গি আস্তানার খোঁজে চালানো এ অভিযান শেষ হয় বলে জানান সদর থানার ওসি মেহেদি হাসান।
এর আগে সকাল সাড়ের ৬টার দিকে এ অভিযান শুরু হয়। পরে মোল্লারচর ইউনিয়নে এক নৌ ‘ডাকাতকে’ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শুকুর (৩৭) ওই ইউনিয়নের পূর্ব সিধাই চরের বাচ্চু মিয়ার ছেলে। নৌ ডাকাত হিসেবে পুলিশের খাতায় তার নাম রয়েছে বলে সদর থানার কর্মকর্তাদের ভাষ্য।
ওসি মেহেদি হাসান বলেন, প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর বেলা ১টার দিকে অভিযান শেষ করা হয়েছে। অভিযানে কোনো জঙ্গি আস্তানা বা অস্ত্র পাওয়া যায়নি।
অভিযান শুরুর সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“বর্ষার সময় পানি বাড়লে নৌ ডাকাতদের উৎপাত বাড়ে। তাছাড়া জঙ্গিদেরও নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা রয়েছে। এ কারণেই আমাদের এই বিশেষ অভিযান।”
থানা পুলিশের পাশাপাশি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরাও এই অভিযানে অংশ নেয়। নৌকা নিয়ে বিভিন্ন চর এলাকা ঘিরে ‘ব্লকরেইড’ চালায় তারা।
গাইবান্ধা সদরসহ তিন উপজেলার চরাঞ্চলে গত বছরও অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে সে অভিযানে বড় কোনো সাফল্য মেলেনি।
