জমি নিয়ে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে এক যুবকের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
সরাইল থানার ওসি রূপক কুমার সাহা জানান, পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে বুধবার সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নিহত হন ২৮ বছর বয়সী কালু মিয়া।
কালু ওই গ্রামের মলাই মিয়ার ছেলে।
আহতদের মধ্যে কালুর চাচাতো ভাই ইকবালকে (২০) ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
ওসি রুপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের একখণ্ড জমি নিয়ে স্থানীয় আবু তাহেরের সঙ্গে নিহত কালুর চাচাতো ভাই মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের লোকজন মামলাও করেছেন।
“এর জের বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন কারা হয়েছে বলে জানান ওসি।
