২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিককে ছুরি মেরে খুন

গাজীপুরে ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে ছুরি মারা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 12:27 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত হাসানুর রহমান (৩৫) তেলিপাড়া এলাকায় সপরিবার ভাড়া বাসায় থেকে লেভেন্ডা গার্মেন্টসে লাইন কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকরি করতেন।

তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরুনা গ্রামের আজিজুর রহমানের ছেলে।

নিহত হাসানের বোন রূপসা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসান ঈদের ছুটি শেষে মঙ্গলবার কারখানায় যোগ দেওয়ার জন্য গ্রামের বাড়ি থেকে গাজীপুরের বাসায় ফিরছিলেন।

“সকাল ৭টার দিকে জানতে পারি, হাসান ভাই ছুরিকাঘাতে খুন হয়েছেন। বাড়ি থেকে ফেরার সময় তার সঙ্গে ব্যাগ ও মোবাইল ছিল। ব্যাগটি পাওয়া যায়নি।”

ওসি আমিনুল বলছেন, বাস থেকে নেমে বাসায় যাওয়ার পথে হাসান ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারেন। তার সঙ্গে থাকা ব্যাগ খোয়া গেলেও মোবাইল ফোনটি রয়েছে।

“ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার বুকে, পিঠে ও উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।