নারায়ণগঞ্জে করুণাময় গোস্বামীর শেষকৃত্য সম্পন্ন
নারায়ণগঞ্জ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সোমবার বিকালে নগরীর মাসদাইর শ্মশানে তাকে দাহ করা হয় বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ জানান।
গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ৭৫ বছর বয়সী এই সঙ্গীতজ্ঞ।
করুণাময় গোস্বামী সর্বশেষ ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার ও ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
১৯৪২ সালের ১১ মার্চ জন্ম নেওয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সঙ্গীত কোষ’ গ্রন্থের রচয়িতা। সাত বছরের গবেষণার ফল এ গ্রন্থটি সংগীত অভিধান হিসেবে সর্বজনস্বীকৃত।
প্রথমে নেওয়া তার কর্মস্থল সরকারি তোলারাম কলেজে। সেখানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্রছাত্রী পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
বিকালে চাষাঢ়ায় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ করুণাময় গোস্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরীর মাসদাইর শ্মশানে তাকে দাহ করা হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ, প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকার, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ রবীন্দ্র সম্মিলন পরিষদ, খেলাঘর, জেলা আইনজীবী সমিতিসগ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
