কেরানীগঞ্জে শিশু হত্যার অভিযোগ মামলা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। যাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে থানায় মামলা করেছেন নিহতের পরিবার।
রোববার কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. কবির হোসেন জানান, নিহতের বাবা মো. সোহেল বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে শনিবার রাতে হত্যা মামলা করেছেন।
শনিবার বিকালে উপজেলার বরিশুর এলাকার থেকে মাদ্রাসার ছাত্র মো. আবিরের (৯) লাশ উদ্ধার করে পুলিশ।
আবির বরিশালের মুলাদি থানার শফিপুর এলাকার মো. সোহেলের ছেলে। কেরানীগঞ্জের বরিশুর এলাকায় বদর হাজীর বাড়িতে বসবাস করত ওই শিশুর পরিবার ।
নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরের পর নিখোঁজ হয় আবির। শনিবার বিকালে স্থানীয়দের দেওয়া খবরে আবিরের লাশ উদ্ধার করা হয়।
শিশুটির হাত ও গলায় জখমের চিহ্ন রয়েছে। তাকে আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
