২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানোরে গ্রেপ্তার ৩ ‘জঙ্গি’ ফের রিমান্ডে

রাজশাহীর তানোর উপজেলার ডাঙাপাড়া গ্রামে ‘জঙ্গি আস্তানা’ থেকে গ্রেপ্তার আট জনের মধ্যে তিনজনকে ফের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 06:59 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

রোববার রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুল ইসলাম এ আদেশ দেন।

এরা হলেন ওই বাড়ির মালিক রমজান আলীর ছেলে ইব্রাহিম হোসেন, ইস্রাফিল হোসেন ও জামাতা রবিউল ইসলা।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, দুপুরে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করে তানোর থানা পুলিশ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১১ জুন রাতে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে স্কুলশিক্ষক রমজান আলীর বাড়ি ঘিরে অভিযান শুরু করে পুলিশ।

বগুড়ার কাউন্টার টেররিজম ইউনিট ও রাজশাহী জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই বাড়ি থেকে আট জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় সুসাইডাল ভেস্ট, বোমা ও পিস্তলসহ বেশ কিছু বিস্ফোরক।

ওই ঘটনায় তানোর থানার পিএসআই জাহেদুল ইসলাম খন্দকার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা করেছেন।

মামলায় একই পরিবারের আটজনসহ নয়জনকে আসামি করা হয়। মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সিদ্দিকুর রহমানকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে গত ১৩ জুন প্রথম দফায় গ্রেপ্তার আটজনের মধ্যে ছয়জনকে ১০ দিন ও দুইজনের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল।

পুরনো খবর:

তানোরে গ্রেপ্তার ৮ ‘জঙ্গি’ রিমান্ডে
তানোরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ঘটনায় মামলা