ত্রিশালে মাইক্রোবাস চাপায় পথচারীর মৃত্যু
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাইক্রোবাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে; ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বগারবাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ (৩২) ছিলেন জেলার গফরগাঁও উপজেলার গজনী গ্রামের বাসিন্দা।
ওসি জাকিউর স্থানীয়দের বরাতে বলেন, সোহাগ তার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। বগার বাজার চৌরাস্তায় রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়।
“এলাকাবাসী তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।”
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে জানিয়ে ওসি জাকিউর বলেন, পরে পুলিশ গিয়ে ক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
