২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজিপুরে হাটের ইজারার সংঘর্ষে আ. লীগের দুই পক্ষ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একটি হাটের ইজারা ও এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, মারপিট ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2017, 10:01 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

নাটুয়ারপাড়া বাজারে বুধবার সকালে প্রথম এ সংঘর্ষ হয়। বিকালে আবার জমায়েত হলে পুলিশ নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকালে আবার সংঘর্ষের চেষ্টা পণ্ড করে পুলিশ।   

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে আটক করেছে।

নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, নাটুয়ারপাড়া হাটের ইজারা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য হাজী ইসহাক উদ্দিনের সঙ্গে ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিমের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

“এর জের ধরে নাটুয়ারপাড়া বাজারে বুধবার সকালে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলেও বিকালে রহিমের পক্ষের লোকজন সাবেক ইউপি সদস্য তারা মিয়া ও তার ছেলে মাসুদকে মারপিট করে।”

তোজাম্মেল বলেন, এ ঘটনার পর উভয় গ্রুপের লোকজন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় গুলের মোড় ও মগবাজার এলাকায় অবস্থান নেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাইনুল হাসান জানান, সংবাদ পেয়ে লাঠিপেটা ও এক রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে আবার উভয় গ্রুপের লোকজন জমায়েত হয়ে সংঘর্ষের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

“এ সময় ইউপি সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে অভিযান চালিয়ে সোহরাব আলী ও তার ছেলে বিল্লাল হোসেনকে দেশি অস্ত্রসহ আটক করা হয়েছে।”

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনার প্রেক্সিতে বৃহস্পতিবার দুপুরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। ইতোমধ্যেই বৈঠক করার জন্য উভয় গ্রুপের লোকজনও আসতে শুরু করেছে।

“আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”