সিলেটে অনন্ত হত্যার অভিযোগ গঠন ফের পেছাল
পলাতক আসামিরা প্রেপ্তার না হওয়ায় বিজ্ঞান লেখক ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অভিযোগ গঠন আবার পিছিয়েছে।
অনন্ত বিজয় দাশ (ফাইল ছবি)
আদালতের পিপি মফুর আলী বলেন, গত ৮ মে মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক তিন আসামির বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতে। এরপর গত ২৩ মে ও মঙ্গলবার শুনানির দিন থাকলেও এ পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যাওয়া সময় সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় ব্লগার ব্যাংকার অনন্ত বিজয় দাশকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরদিন অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ আনা হয়।
গত বছর ২৮ অগাস্ট এ মামলায় ৩০২ ও ৩০ ধারায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। কিন্তু আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়।
পরে সন্ত্রাসবিরোধী ধারা যুক্ত করে এ বছর ১৮ জানুয়ারি সম্পূরক অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী।
তিনি আগের পাঁচজনের সঙ্গে ব্লগার সাফিউর রহমান ফারাবীর নাম যুক্ত করেন।
বহুল আলোচিত এ মামলায় অভিযোগপত্রভুক্ত ছয় আসামি হলেন - সিলেটের কানাইঘাট থানার ফালজুড় গ্রামের জমসেদ আলীর ছেলে আবুল হোসেন ওরফে আবুল হোসাইন (২৫), একই গ্রামের জোয়ায়াদুর রহমানের ছেলে আবুল খায়ের রশিদ আহম্মদ (২৪), পূর্ব ফালজুড় গ্রামের হাফিজ মঈনউদ্দিনের ছেলে মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহি ওরফে এবি মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মঈন (২৪), একই থানার খালপাড় তালবাড়ি গ্রামের আব্দুর রবের ছেলে ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বীরেন্দ্রনগর বাগলী গ্রামের মো. আমির উদ্দিনের ছেলে হারুণ আর রশিদ (২৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কালিশ্রীপাড়া গ্রামের ফেরদৌস উর রহমানের ছেলে সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)।
এদের মধ্যে আবুল হোসেন, ফয়সাল আহমদ ও হারুণ আর রশিদ পলাতক।
পেশায় ব্যাংকার অনন্ত বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগ লিখতেন। তাঁর লেখা ও সম্পাদিত বিজ্ঞানবিষয়ক বই রয়েছে। বিজ্ঞানবিষয়ক ‘যুক্তি’ নামে একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন তিনি। সিলেটে পরিচালিত বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলেরও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন অনন্ত বিজয়।
