২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ডুবেছে গমবাহী লাইটারেজ

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি গমবাহী লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2017, 12:22 PM

Updated : 19 Aug 2022, 04:54 PM

শুক্রবার সকালে জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল আবছার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে তারা একটি লাইটারেজ ডুবির খবর পান। তার আগেই স্থানীয় জেলেরা সাগরে ভাসতে থাকা ১৩ নাবিককে উদ্ধার করে। পরে কোস্টগার্ডের সদস্যরা গিয়ে তাদের কুতুবদিয়া কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে। তারা এখন কুতুবদিয়া রয়েছেন।

কুতুবদিয়া লাইট হাউজ থেকে সাত নটিক্যাল মাইল ভেতরে এ দুর্ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। জাহাজটিতে ওই ১৩ নাবিক ছাড়া আরও কেউ ছিল না।

উদ্ধার হওয়া নাবিকদের বরাত দিয়ে কুতুবদিয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহির্নোঙরে অবস্থান করা বড় জাহাজ থেকে গম নিয়ে লাইটারেজটি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল। সেখানে আনোয়ারার নয়াপাড় এলাকায় গমগুলো খালাস করা কথা ছিল।

“ডুবে যাওয়া জাহাজটির কিছু অংশ দেখা যাচ্ছে। তা লক্ষ রেখে এটির উপর নজর রাখা হচ্ছে।”

তিনি বলেন, এটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় উদ্ধারে তারাই ব্যবস্থা নেবে। এ ব্যাপারে মালিককে বলার জন্য চট্টগ্রাম ডক ইয়া্র্ডকে বলা হয়েছে।

তবে জাহাজটির মালিক কে, তারা উদ্ধারে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং এ দুর্ঘটনা তদন্তে কোনো কমিটি করা হয়েছে কিনা সে ব্যাপারে ওসি জিয়া কিছু জানাতে পারেননি।