ইনানী সৈকতে জেলের লাশ
নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার মধ্যে কক্সবাজারের দুই জেলে নিখোঁজের একদিন পর এক জেলের মৃতদেহ ভেসে এসছে ইনানী সৈকতে।
মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকত থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বলে জানান উখিয়া থানার ওসি আবুল খায়ের।
মৃত আবুল হোসেন ( ৪৮) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
এর আগে সোমবার ঝড়ো হাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন।
ওসি খায়ের বলেন, বেলা ২টার দিকে স্থানীয়রা ইনানী সৈকত সংলগ্ন সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে আবুল হোসেন সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। সাগরে ঝড়ের কবলে পড়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃতদেহ ইনানী পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান খায়ের।
চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার জসিম উদ্দিনের ট্রলার নিয়ে পাঁচদিন আগে সাগরে মাছ ধরতে যান ১৪ জেলে।রোববার দুপুরের দিকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলার পর উপকূলের দিকে ফিরে আসতে থাকেন তারা।
রাত দেড়টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টের পশ্চিমে সাগরের ২ কিলোমিটার দূরে পৌঁছলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি বিধ্বস্ত হয়ে তারা সাগরের ভাসতে থাকেন বলে জানান।
পরে ট্রলার মালিক খবর পেয়ে সোমবার দুপুরে অন্য ট্রলারে করে ১২ জনকে উদ্ধার করলেও ট্রলারের মাঝিসহ দুইজন নিখোঁজ থাকেন।
এরা হলেন ট্রলারটির মাঝি চকরিয়ার কুঁচাখালীর মোহাম্মদ বেলাল (৫০) ও মহেশখালীর ঠাকুরতলার রাম্মু রাখাইন (৫৩)।
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে রোববার সন্ধ্যা থেকে কক্সবাজারে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টিপাত শুরু হয়।
এতে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক সময়ের চেয়ে ১ থেকে ২ ফুট বেড়ে যায়। এছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর পর্যন্ত ৬৮ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অস্বাভাবিক জোয়ারে কক্সবাজারের উপকূলীয় এলাকার ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে।
