ভাঙা সাঁকোই ১৫০ পরিবারের ভরসা
গোপালগঞ্জের দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের একমাত্র সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ঝুঁকি নিয়েই কোটালীপাড়া উপজেলার এ আশ্রয়ণ প্রকল্পটির সদস্যদের যাতায়াত করতে হচ্ছে।
প্রকল্পের সভাপতি শশধর পাণ্ডে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫০টি পরিবারের প্রায় ৬০০ মানুষ এ সাঁকো দিয়ে যাতায়াত করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। লোকজন পারাপারের সময় পড়ে আহত হয়।
বেহাল এ সাঁকোটি মেরামত বা এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।
“এটি আমাদের কাছে এখন দুর্ভোগে পরিণত হয়েছে। আমরা নিজেরা চাঁদা দিয়ে মেরামত করে কোনো রকমে সচল রেখেছি। যেকোনো মুহূর্তে ভেঙে পড়লে যাতায়াত বন্ধ হয়ে যাবে। আমরা এখানে একটি পাকা সেতুর দাবি জানাচ্ছি।”
সাঁকোটি সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী আব্দুল আজিজ।
তিনি বলেন, ইতোমধ্যেই প্রকল্প তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। পাস হলেই সাঁকোটি সংস্কার করা হবে।
