সিরাজগঞ্জে ঘর পুড়ে গৃহবধূর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বসতঘর আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক দিয়ানাতুল দিনার জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর সীমাবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম (৫৫) ওই গ্রামের ওসমান গনি তালুকদারের স্ত্রী।
পরিদর্শক দিনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘুমিয়ে থাকা ফাতেমা ঘরে আগুন লেগে ভেতরে আটকা পড়েন।
“স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘর থেকে অগ্নিদগ্ধ ফাতেমার লাশ উদ্ধার করা হয়।”
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি ধারণা করছেন।
