আশুলিয়ায় পশুখাদ্য কারখানার নর্দমায় কর্মচারীর লাশ উদ্ধার
সাভারে সরকারি পশু খাদ্য কারখানার নর্দমা থেকে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে আশুলিয়ার বিশ মাইল এলাকায় পশু খাদ্য কারখানার গুদামের পাশের নর্দমা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রহুল আমিন।
নিহত মানিক মিয়া (৫৫) নোয়াখালীর কবিরহাট থানার সুন্দলপুর গ্রামের সামছুল হকের ছেলে। তিনি ওই কারখানার কর্মচারী ছিলেন।
পরিবার নিয়ে তিনি ডেইরি ফার্মের কোয়ার্টারে থাকতেন তিনি।
এসআই রহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন মানিক মিয়া। দুপুরে পশু খাদ্য কারখানার গুদামের পাশের একটি নর্দমা থেকে পচা গন্ধ বের হলে কাছে গিয়ে মানিকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় অন্য কর্মচারীরা।
“মানিক মিয়ার মৃগী রোগ ছিল বলে পরিবার জানিয়েছে। কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে নর্দমায় পড়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কেন্দ্রীয় গবাদি পশু ও দুগ্ধ খামারের বৈজ্ঞানিক কর্মকর্তা ফিরোজ আহম্মেদ খান জানান, “গত দুইদিন ধরে মানিক মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে দুপুরে গুদামের পাশের একটি ড্রেন থেকে পচা গন্ধ বের হলে কাছে গিয়ে কর্মচারীরা তার মৃতদেহ দেখতে পায়।”
