‘গোপালগঞ্জ হাসপাতালে’ পরীক্ষা, প্রতিবেদন ল্যাবএইডের প্যাডে
‘গোপালগঞ্জ সদর হাসপাতালে’ আল্ট্রাসনোগ্রাম করে রোগীকে ল্যাবএইডের প্যাডে প্রতিবেদন দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে শিক্ষক-চিকিৎসক নিকসার আকতারের বিরুদ্ধে।
হাসপাতালের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী জানান, বৃহস্পতিবার তিনি গোয়েন্দা সংস্থার লোকজনের কাছে হাতেনাতে ধরা পড়েছেন।
এর আগে তার বিরুদ্ধে হাসপাতালে লিখিত অভিযোগ দেন গোপালগঞ্জ সদর উপজেলার ডালনিয়া গ্রামের আব্দুল হক সরদারের স্ত্রী ৫০ বছর বয়সী সাহেরা বেগম।
সাহেরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাইনি সমস্যা নিয়ে বুধবার হাসপাতালে গিয়ে কাউন্টার থেকে টিকিট কাটেন। নিকসার আকতারের কাছে গেলে তিনি আল্ট্রাসনোগ্রাম করার পরমর্শ দেন।
“নিকসারের সহকারী রোকেয়া আল্ট্রাসনো গ্রামের জন্য আমার কাছে ৬০০ টাকা চান। টাকা না থাকায় আমি বাড়ি ফিরে যাই।”
বৃহস্পতিবার হাসপাতালে গেলে রোকেয়া তাকে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান বলে জানান সাহেরা।
হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ও সরকারি শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক নিকসার আকতার সাহেরার আল্ট্রাসনোগ্রাম করেন, কিন্তু তিনি প্রতিবেদন দেন ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে।
এ ব্যাপারে সায়েরা বেগম ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এছাড়া আল্ট্রাসনোগ্রামের সরকারি রেট ২২০ টাকা হলেও তার কাছ থেকে ৫০০ টাকা আদায়ের অভিযোগ করেন তিনি।
নিকসন আকতার হাসপাতালের কোষাগারে কোনো টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন বলেও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থার লোকজন তাকে হাতেনাতে ধরার পর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে। ফলে তার বক্তব্য নেওয়া যায়নি।
সহকারী পরিচালক ফরিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা সংস্থার লোকজনের জব্দ করা কাগজপত্র প্রাথমিকভাবে পর্যালোচনা করে মনে হচ্ছে সাহেরার আল্ট্রাসনোগ্রামটি হাসপাতাল থেকেই করা হয়েছে।
“নিকসার হাসপাতালের সরকারি প্রতিবেদন দিতে পারতেন। তা না দিয়ে তিনি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদন দিয়েছেন। এ ব্যাপারে আমরা শনিবার তদন্ত কমিটি গঠন করব। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
