চাঁদাবাজির মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা
নয় মাস আগের একটি চাঁদাবাজির মামলায় অভিযোগপত্র দেওয়ার পর গাজীপুর জেলা ছাত্রলীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবা আক্তার এ আদেশ দেন।
গ্রেপ্তার জাহাঙ্গীর সরকার (২৬) গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গোদারচালা গ্রামের তেলিহাটি ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য ইকবাল হোসেনের ছেলে।
মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী রেদওয়ান আল রোমান মন্ডল জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে কাজী গ্রুপের প্রতিষ্ঠান কাজী ফুডসে উৎপাদিত মুরগীর মাংস সংগ্রহের পর গিলা-কলিজাসহ বর্জ্য বিক্রি করে দেয়।
“স্থানীয় তেলিহাটি ইউপি চেয়ারম্যান বাতেন সরকারের মালিকানাধীন সরকার এন্টারপ্রাইজ কাজী ফুডস্ কর্তৃপক্ষে সঙ্গে গিলা-কলিজাসহ অন্যান্য বর্জ্য কেনার চুক্তিবদ্ধ হয়।”
একই সময়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার নিজে ওইসব বর্জ্য কেনার চুক্তি করতে গেলে কর্তৃপক্ষ তার সঙ্গে চুক্তি করেনি বলে মামলায় উল্রেখ করা হয়।
সরকার এন্টারপ্রাইজের পক্ষে ব্যবসা পরিচালনা করতেন আকরাম হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন আকরাম হোসেনের কাছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০১৬ সালে ২৯ অগাস্ট জাহাঙ্গীর ওই কারখানায় ঢুকে সরকার এন্টারপ্রাইজের লোকজনকে মারধর করে ও হাতবোমার বিস্ফোরণ ঘটান।
আইনজীবী রেদওয়ান বলেন, একই বছরের ২ সেপ্টেম্বর আকরাম হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এরপর ৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করা হয়।
রেদওয়ান বলেন, আদালত শ্রীপুর থানার পরিদর্শককে (তদন্ত) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু থানা পুলিশ এরকম কোনো ঘটনা ঘটেনি মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
পরে ওই প্রতিবেদনে বাদীর নারাজীর প্রেক্ষিতে আদালত গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) তদন্তের দায়িত্ব দেয়।
রেদওয়ান বলেন, পিবিআই তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে সম্প্রতি মামলার আসামি জাহাঙ্গীর সরকার, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার ইসলাম সুমন, শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনায়েদ সিদ্দিকীসহ ছয় জনের নামে অভিযোগপত্র দাখিল করে।
গাজীপুর আদালত পরিদর্শক রবিউল ইসলাম জানান, অভিযোগপত্র দাখিলের পর আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করে। বৃহস্পতিবার আদালতে মামলায় হাজির হয়ে জামিন আবেদন করেন জাহাঙ্গীর সরকার, জুনায়েদ সিদ্দিকী, সুমনসহ ছয়জন। আদালত অন্যদের জামিন মঞ্জুর করলেও জাহাঙ্গীর সরকারের জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
