২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারাভোগ শেষে ফিরল ৩১ তরুণী-শিশু 

ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে আটক হয়ে তিন বছর কারাভোগের পর ২৮ তরুণী ও তিন শিশুকে ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 09:10 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

বুধবার ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল সীমান্তে তাদেরকে হস্তান্তর করে।

এদের বাড়ি যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ওমর শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা সীমান্তের অবৈধ পথে বিভিন্ন সময় তাদের ভারতে পাচার করে।

“মুম্বাই শহরে গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন তারা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের আড়াই থেকে তিন বছর কারাদণ্ড দেয়।”

ওসি বলেন, সেখান থেকে মানবাধিকার সংস্থা ‘রেসকিউ ফাউন্ডেশন’ তাদের হেফাজতে নিয়ে শেল্টার হোমে রাখে। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরেন।

ভারত সরকারের দেওয়া বিশেষ পাশের মাধ্যমে তারা ফেরত আসেন। তাদের হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাদেরকে অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ২২ জনকে ও রাইটস যশোর নয় জনকে গ্রহণ করেছে বলে ওসি জানান।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি যশোর শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট সালমা খাতুন ও রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান ৩১ জন তরুণী ও শিশু গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ সময় নারীদের অভিভাবকরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায়, তাহলে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে।