শ্রীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে একজনের মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক পিকআপযাত্রীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার এমসি বাজার মেঘনা সাইকেল কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (২৮) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কিসমত নড়াইল গ্রামের আসিম উদ্দিনের ছেলে।
ওসি দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি পিকআপ।
“পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে এর যাত্রী রফিকুল ঘটনাস্থলেই মারা যান।”
দুর্ঘটনায় পিকআপচালক ও সহকারীসহ তিনজন আহত হলে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি দেলোয়ার।
আহতরা হলেন - ময়মনসিংহের হালুয়াঘাট থানার মনিকুড়া এলাকার জামির উদ্দিনের ছেলে কাজল (২৯), নলুয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে শফিকুল ইসলাম (২২), ও অজ্ঞাতপরিচয় একজন।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও পুলিশ পিকআপ আটক করেছে বলে জানিয়েছেন ওসি দেলোয়ার।
