বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ যুবক আটক
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার দুপুরে পুটখালি সীমান্তের জেলেপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন।
আটক বাবুল হোসেন (২৫) পুটখালি গ্রামের ইমদাদুল হকের ছেলে।
সুবেদার আবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুটখালি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন খবরে বিজিবির টহল দল অভিযান চালিয়ে বাবুলকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়; যার ওজন এক কেজি ১০০ গ্রাম। বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা।”
উদ্ধার স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে মামলার পর বাবুলকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক শরীফ হাবিবুর রহমান জানান।
