হাত কেটে বিচ্ছিন্ন, চোখ খুঁচিয়ে অন্ধ
ভারতে সাতক্ষীরার এক নারীর কব্জি থেকে হাত কেটে ফেলার পাশাপাশি চোখ খুঁচিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান জানান, মাস খানেক আগে ভারতের কলকাতায় তার ওপর এই নির্যাতন চালানো হয়েছে।
আহত ময়না খাতুন (২৮) শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের যোগীন্দ্রনগর ছোট কুপট গ্রামের শাহিনুরের স্ত্রী।
ময়না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার পর এ এলাকায় কাজ না থাকায় তারা সপরিবার কাজের সন্ধানে অবৈধভাবে ভারত যান।
তারা কলকাতার নিউ টাউন দশের দরুণ এলাকায় থাকতেন। তাকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করা হত বলে তার অভিযোগ।
“তারপর শাহিনুরের পরকীয়ায় বাধা দেওয়ায় নির্যাতন আরও বাড়িয়ে দেয়। মাস খানেক আগে সে আমার দুই হাত ও পা বেঁধে প্রথমে লোহার শিক দিয়ে দুই চোখে খোঁচায়। এতে আমার একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।”
চোখ ছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয় বলে তার অভিযোগ।
“তারপর কাটারি দিয়ে কুপিয়ে সে আমার বাঁ হাতের কব্জি কেটে ফেলে দেয়। শাহিনুরকে তার ছোট ভাই জহিরুল ইসলাম ও মা সাহায্য করে। পরে স্থানীয়রা টের পেয়ে এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়।”
গত ৩ মে ময়নার বাবা ঘটনা জানতে পেরে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনেন বলে তিনি জানান।
এ ঘটনায় তিনি বিচারের জন্য গিয়েছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে। কিন্তু চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, “ঘটনাটি ভারতে ঘটেছে। আমার কাছে এসেছিল। আমি তাদের থানায় পাঠিয়ে দিয়েছি।”
ওসি মান্নান ময়নার বাড়ি গিয়ে তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে বলেন, “তার একটি হাত কবজি থেকে কেটে ফেলা হয়েছে। সুচালো কিছু দিয়ে একটি চোখ নষ্ট করে ফেলা হয়েছে। কেটে ফেলা হাতটি দেখেছি। শুকিয়ে গেছে।
“অন্য দেশের ব্যাপারে আমাদের কিছু করার থাকে না। তার পরও তাদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ময়নার মামা মুজিবর রহমান অভিযোগ করেন, “শাহিনুরকে ফোন দিলে উল্টো সে ময়নার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বলে, ‘ময়নার অন্য ছেলের সঙ্গে পরকীয়া। সে কারণে তার এই অবস্থা করেছি’।”
শাহিনুর ভারতে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তাদের দুটি ছেলেমেয়ে রয়েছে বলে ময়না জানিয়েছেন।
