২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জমি দখলের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

ঢাকার সাভারে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটা বিদ্ধ হয়ে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 05:12 PM

Updated : 19 Aug 2022, 04:47 PM

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, রোববার দুপুরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ সংঘর্ষ হয়।  

নিহত সিএম বাদশা ফয়সাল (৩৪) সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার সৈয়দ উজ্জামানের ছেলে।

তিনি সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর থেকে যুবলীগের সঙ্গে সম্পৃক্ত হন।  

এলাকাবাসীর বরাত দিয়ে মাহবুবুর রহমান জানান, জামসিং টেউটি এলাকার আব্দুল কাদের ও যুবলীগ নেতা ফয়সার তাদের ২৫/৩০ জন সহযোগী নিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভাটপাড়া ব্রিজের পাশে ফেলু মিয়ার ৪১ শতাংশ জমি দখল করতে যান।

তখন ফেলু মিয়া, তার ছেলে শাহজাহান, ভাই ইয়াকুবসহ পরিবারের সদস্যরা তাদের প্রতিরোধ করেন। এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে তিনি জানান।

“সংঘর্ষের এক পর্যায়ে টেঁটা বিদ্ধ হয়ে যুবলীগ নেতা ফয়সাল ঘটনাস্থলেই নিহত হন।”

উভয়পক্ষের আহত অন্তত ১০/১২ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।  

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান।

এদিকে এ ঘটনার পর জামসিং ও ভাটপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার পরপরই দখলের চেষ্টাকারী আব্দুল কাদের গা ঢাকা দিয়েছেন। তার বাড়ির অন্য সদস্যরাও পালিয়ে গেছেন।

জমির মালিক ফেলু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার ফোন করে তা বন্ধ পাওয়া যায়। তাদের বাড়িতে তালা ঝুলছে।