টঙ্গীতে কভার্ডভ্যান চাপায় সবজি বিক্রেতা নিহত
গাজীপুরের টঙ্গীতে কভার্ডভ্যান চাপায় এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।
টঙ্গী থানার এসআই মো. জহুরুল ইসলাম জানান, টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ (৩৫) জামালপুরের মাদারগঞ্জ থানা এলাকার শামসুল মণ্ডলের ছেলে। তিনি চেরাগ আলী মার্কেট এলাকায় সবজি কেনাবেচা করতেন।
এসআই জহুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার কারওয়ান বাজার থেকে সবজি নিয়ে আনন্দর পিকআপ চেরাগ আলী আসার পর দ্রুতগতির একটি কভার্ড ভ্যান পেছন থেকে এসে ধাক্কা দেয়।
“এ সময় পিকআপের কাঁচামালের ওপর বসে থাকা আনন্দ ছিটকে পড়ে কভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এলাকাবাসী চালকসহ কভার্ডভ্যান আটক করে পুলিশে দিয়েছে বলে জানান এসআই জহুরুল।
আটক রিয়াদুল ইসলাম (৩০) ময়মনসিংহের আব্দুল কুদ্দুসের ছেলে।
