সাতক্ষীরায় নিহত গৃহবধূর স্বামীর ‘বিষপানে আত্মহত্যা’
সাতক্ষীরার কলারোয়ায় নিহত তহমিনা খাতুনের স্বামী মনিরুল ইসলাম বিষপানে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
মনিরুল (২৫) যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে।
কলারোয়া থানার এসআই হাসানুজ্জামান জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দেয়াড়া এলাকার লোকজন তাকে তহমিনার কবরের কাছে কারোর কান্নাকাটির খবর জানান। সেখানে গিয়ে মনিরুলকে দেখতে পান।
“তার কাছ থেকে জানতে পারি, সে (মনিরুল) বিষপান করেছে।”
মনিরুলকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
মনিরুল বুধবার স্ত্রী তহমিনাকে নিয়ে শশুরবাড়ি কলারোয়ার দেয়াড়ায় বেড়াতে আসেন। পরদিন সকালে ঘর থেকে তাহমিনার লাশ উদ্ধার করে পুলিশ।
তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। পুলিশও সে ধরনের আলামত পাওয়ার কথা জানায়।
মনিরুল রাতেই ঘর থেকে পালিয়ে গেছে বলে তাহমিনার স্বজনরা জানিয়েছিলেন।
তহমিনার ভাই আক্তারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বছর আগে মনিরুলের সঙ্গে তার বোনের বিয়ে হয়।
“এরপর থেকে তহমিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল মনিরুল।”
