২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে লাইন বিচ্ছিন্ন করায় বিদ্যুতের কর্মীদের মারধর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার পর এলাকার লোকজন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 10:01 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যসহ ৪০/৪৫ জনকে আসামি করে মামলা করেছে বিদ্যুৎ বিভাগ।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ-২ এর মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল পাশা বলেন, দুপুরে পল্লী বিদ্যুতের একটি দল চকপাড়া গ্রামে যায় বিদ্যুতের বিল আদায় করতে।

তিনি বলেন, গ্রামের তোরাব আলীর ছেলে সাইফুল ইসলামের বকেয়া বিল ২৭ হাজার ৪২০ টাকা, কামরুজ্জামানের ছেলে শফিকুল ইসলামের বকেয়া বিল ৩৮ হাজার টাকা,  সাগর সরকারের বকেয়া বিল ৮৬ হাজার টাকা।

এ সময় তারা বিল পরিশোধ করবেন বলে কর্মকর্তা-কর্মচারীদের আড়াই ঘণ্টা বসিয়ে রেখে টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন কামাল পাশা।

“এরপর পল্লী বিদ্যুতের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে বকেয়া পরিশোধ ছাড়াই পুনরায় সংযোগ দিতে ওই গ্রাহকগণ তাদের আটকে রাখে।”

কামাল বলেন, বকেয়া বিল পরিশোধ ছাড়া পুনঃসংযোগ দিতে অস্বীকৃতি জানালে তারা স্থানীয়রা বিদ্যুতের লোকজনের উপর হামলা চালায়।

এ সময় সিনিয়র প্রকৌশলী হুমায়ুন কবির, জুনিয়র প্রকৌশলী হুমায়ুন কবির, প্রকৌশলী এডমিন ওয়াদুদুর রহমান, প্রকৌশলী অর্জুন কুমার, পরিদর্শক সুমন, ফখরুল, লাইন ম্যান তাইজ উদ্দিন, আসাদ, প্রবাল, শামীম, রুবেলসহ অন্তত ১৫ জন আহত হন বলে কামাল অভিযোগ করেন।

এজিএম তাজুল ইসলাম বলেন, অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তার উপরও চড়াও হয় হামলাকারীরা।

মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম বলেন, স্থানীয় চকপাড়া এলাকায় অন্যদের সঙ্গে সাইফুল ইসলামেরও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

“এ সময় তিনি বিল পরিশোধের কাগজ দেখালেও তাকে পুনঃসংযোগ না দিয়ে গাড়িতে তুলে নেওয়ার খবর পেয়ে স্থানীয় মসজিদের মুসল্লিরা বের হয়ে পল্লী বিদ্যুতের লোকজনের উপর হামলা চালায়।”

বিদ্যুত অফিসের জুনিয়র প্রকৌশলী হুমায়ুন কবির জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলামসহ তিনজনের নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৪০-৪৫ জনকে আসামি করে বিদ্যুত অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল পাশা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাইফুল ইসলামের বিদ্যুত পরিশোধ করার কথা সঠিক নয় বলেও দাবি করেন হুমায়ুন কবির।

শ্রীপুর থানার ওসি মো. অসাদুজ্জামান এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি বলে জানান।