২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে পিকআপ চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পিকআপ ভ্যান চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 08:52 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

বুধবার দুপুরে উপজেলার নলডাঙ্গা কাচারী বাজার এলাকার তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনার পর পিকআপটিতে স্থানীয়রা আগুন ধরিয়ে দেয় বলে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন জানান।

নিহত হাওয়া আকতার (৯) সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের হাসেম আলীর মেয়ে ও নলডাঙ্গা নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

এ ঘটনার পর চালক সুজা মিয়াকে (৩০) আটক করা হয়েছে।

চেয়ারম্যান তরিকুল বলেন, দুপুরে মাদ্রাসা ছুটির পর হাওয়া বাড়ি ফেরার পথে মুদি দোকানে যায়। এ সময় পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই হাওয়া মারা যায়।

“পরে স্থানীয় পিকআপটিতে আগুন দিয়ে চালক সুজা মিয়াকে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে এলাকাবাসাকে শান্ত করার চেষ্টা করলে পুলিশের উপর চড়াও হয় তারা।”

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।