গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ‘লাঞ্ছিত’, নৈশপ্রহরী বরখাস্ত
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগে এক নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজ্জামান ভুঁইয়া জানান, শিক্ষক পরিষদের সভায় মঙ্গলবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত হয়।
নৈশপ্রহরী ইয়াছিন সিকদারের বিরুদ্ধে অভিযোগ, গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে লাঞ্ছিত করার পাশাপাশি তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ কিছু টাকা ছিনিয়ে নেন।
প্রক্টর আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দেওয়ার পর নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এ বিষয়ে নৈশপ্রহরী ইয়াছিন বলছেন, “সন্ধ্যা হওয়ায় দুই শিক্ষার্থীকে একাডেমিক ভবনের সামনে থেকে চলে যেতে বলি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার সাথে খারাপ আচরণ করে।”
