বগুড়ায় ম্যাটস ছাত্রীর মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের
বগুড়ায় টিএমএসএস ম্যাটস এর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
সোমবার গভীর রাতে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন লিফটের ফাঁকা জায়গায় ইসমত আরা পারভিনের (২০) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
পারভিন বগুড়ার সোনাতলা উপজেলার হোলিদাবগা গ্রামের গাজিউল ইসলামের মেয়ে। তিনি বগুড়া ম্যাটস থেকে শেষ বর্ষের পরীক্ষা শেষ করেছিলেন।
পারভিনের বাবা গাজিউল ইসলাম জানান, তিনি চট্টগ্রামে বাংলাদেশ বর্ডার গার্ডে চাকরি করেন। বগুড়ায় ছুটিতে এসেছিলেন।
সোমবার রাত আনুমানিক ১টার দিকে এক ব্যক্তি তার স্ত্রী রওশন আরাকে ফোন দিয়ে বলেন, “পারভিন হাসপাতালের ছাদ থেকে পড়ে মারা গেছে। আমি খবর শুনে রাত আনুমানিক আড়াইটায় ঘটনাস্থলে পৌঁছি।”
গাজিউল জানান, তার মেয়ের গায়ে ওড়না ছিল না। তার ব্যবহৃত দুটি মোবাইল পাওয়া যাচ্ছে না এবং দুটিই বন্ধ রয়েছে। গলায় স্বর্ণের চেইন ছিল। কানে দুল ছিল। সেগুলোও পাওয়া যাচ্ছে না।
“আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
তিনি আরও জানান, শেষ বর্ষের পরীক্ষা শেষে অস্থায়ীভিত্তিতে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছিলেন পারভিন। হাসপাতালের পাশে একটি ম্যাসে থাকতেন।
বগুড়া সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধারের সময় মোবাইল কিংবা স্বর্ণের কিছু পাওয়া যায়নি। কীভাবে ওই ছাত্রী মারা গেল তা পোস্ট মর্টেমের পর বলা যাবে।
টিএমএসএস ম্যাটস এর প্রশাসনিক কর্মকর্তা শামীম ফেরদৌস বলেন, ছাত্রীর বাবার ফোন নম্বর ভর্তির সময় দেওয়া হয়নি। তাই দুর্ঘটনা ঘটার পর ওই ছাত্রীর এক আত্মীয়কে তারা ফোনে খবরটি জানিয়েছিলেন।
“সে ফাইনাল পরীক্ষা দিয়েছে। তবে হাসপাতালে অস্থায়ীভিত্তিতে চাকরি করত কি না তা জানি না।”
