দিনাজপুরে বাস চাপায় ২ অটো আরোহী নিহত
দিনাজপুরের কাহারোল উপজেলায় বাস চাপায় দুই অটোরিকশা আরোহীর প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত চারজন।
রামপুর মোড় এলাকায় সোমবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে বীরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান।
নিহতরা হলেন- কাহারোল উপজেলার দাউদপুর গ্রামের মন্তেজার আলীর স্ত্রী জয়নব বিবি ও চিরিরবন্দর উপজেলার গোচাহার গ্রামের জব্বার আলীর ছেলে মাজেদুর ওরফে মাধু রহমান।
আহতরা হলেন কাহারোলের পলাশ বর্ষ (২৫), জামিরুল (১২), সালমান (২৪) ও রফিুকল ইসলাম (২৪)। তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রুহুল বলেন, দিনাজপুর থেকে পঞ্চগড় যাওয়ার পথে একটি ট্রাককে পাশ কাটাতে গেলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান।
“এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও একটি রিকশাভ্যানকে চাপা দিয়ে বাসটি রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুজন যাত্রী নিহত হন।”
তিনি বলেন,পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাসের নীচ থেকে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
