২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে রোববার থেকে পরিবহন ধর্মঘটের ডাক

পাঁচ দফা দাবিতে রোববার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2017, 07:02 PM

Updated : 19 Aug 2022, 04:40 PM

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি এ ধর্মঘটের ডাক দিয়েছে বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক।

তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে সিলেট বিভাগের চার জেলায় কোনো ধরনের যাত্রী পরিবহন চলবে না।

শনিবার সিলেটের বিভিন্ন স্থানে মাইকিং করে ধর্মঘটের পক্ষে শ্রমিকরা প্রচার চালিয়েছে বলে জানান তিনি।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, মে দিবসে সিএনজি অটোরিকশা শ্রমিকদের উপর হামলা ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, বিভিন্ন পৌরসভায় পরিবহর কর প্রত্যাহার, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ।

ফলিক বলেন, “মে দিবসে সিএনজি অটোরিকশা শ্রমিকদের মিছিলে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা হামলা ও ভাংচুর চালায়। এরপর শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়।

“এই মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে গত ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।’’