২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে কলেজছাত্রী হত্যা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের রাজনগরে এক কলেজছাত্রীকে হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2017, 04:28 PM

Updated : 19 Aug 2022, 04:40 PM

শনিবার তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টেংরাবাজার ইউনিয়নের করিমপুরের হারুন মিয়ার মেয়ে শাম্মী আক্তার সুমি (১৭) বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন। শুক্রবার বিকালে বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়।

শুক্রবার রাতে তার বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তাররা হলেন রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের করিমপুরের কাটারি এলাকার তমজিদ আলীর ছেলে বক্কর হোসেন সুমন (২০), ছকা মিয়ার ছেলে মাজহার মিয়া (২৫), মকবুল মিয়ার ছেলে বিপু মিয়া (২৫) এবং গণি মিয়ার ছেলে আলকুম (২০)।

রাজনগর থানার ওসি শ্যামল বণিক জানান, সুমির বাবা থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। 

“ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য শনিবার তাদের ম্যজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।”

ওসি শ্যামল আরও জানান, হত্যার আগে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তে সঠিক তথ্য বের হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

নিহত সুমির মামা আনোয়ার মিয়া জানান, বৃহস্পতিবার রাতে সুমি ঘরের বাইরে শৌচাগারে গিয়ে নিঁখোজ হন। এরপর না ফেরায় রাতে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।

শুক্রবার দুপুরে  বাড়ির পাশে একটি পরিত্যক্ত স্থানে তার লাশ দেখে রাজনগর থানা পুলিশকে অবহিত করলে তারা লাশ উদ্ধার করে বলে জানান আনোয়ার।

সুমি রাজনগর তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।