সাভারে স্কুলছাত্রী ও পোশাককর্মীকে ধর্ষণ
সাভারে এক স্কুল ছাত্রী ও এক নারী পোশাক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সাভার পৌর এলাকার রেডিও কলোনি এবং কাতলাপুর মহল্লায় সোমবার এ দুটি ঘটনা ঘটে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ১১ বছর বয়সী স্কুল ছাত্রী এবং ১৬ বছর বয়সী পোশাক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
স্কুল ছাত্রীর বড় বোন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেডিও কলোনি এলাকার একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী তার বোনকে সোমবার বিকালে বৌদ্ধ নামের তাদের প্রতিবেশী এক যুবক কৌশলে স্থানীয় একটি লেবু ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার বোনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
এছাড়া সোমবার সকালে কাতলাপুর মহল্লায় ১৬ বছর বছর বয়সী ওই গামের্ন্টস কর্মীকে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে তার বাবা জানান।
তিনি বলেন, রোববার গভীর রাতে তার মেয়েকে কেউ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ভোর রাতে বাড়ির অদূরে তাকে পাওয়া যায় এবং উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়েটিকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে বলে তার বাবার ভাষ্য।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার ডা. আমজাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল ড্রেস পরা শিশুটি সোমবার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি হয়।
“মহিলা চিকিৎসক দিয়ে পরীক্ষা করে তার ধর্ষিত হওয়ার আলামত পাওয়া যায়।”
“এর আগে ভোর ৫টার দিকে কাতলাপুর থেকে আসা এক গামের্ন্টসকর্মী ভর্তি হন। তাকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে।”
দুজনকেই স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
দুটি ঘটনাই পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শক মোহাম্মদ সাইফুল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পঠানো হয়েছে।
