ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক থেকে তরুণীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
কুণ্ডা ইউনিয়নের মহিষবের গ্রাম থেকে রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান।
মেয়েটির বয়স আনুমানিক ১৮ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আবু জাফর বলেন, সকালে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
“মেয়েটির গলায় ও পিঠে আঘাতে চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
তবে হত্যাকাণ্ডের কারণ বা এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
