হাওরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে কিশোরগঞ্জের ৩০০ পরিবারকে নগদ সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
বুধবার জোটের ২৪ জনের একটি দল এসে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় এই সাহায্য দেয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় কিশোরগঞ্জসহ হাওরাঞ্চলের ছয় জেলায় মোট দুই লাখ ১৯ হাজার ৮৪০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে; ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আট লাখ ৫০ হাজার ৮৮।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকে হাওরের কৃষকদের নগদ অর্থসহায়তা দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়।
“ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩০০ পরিবারকে ৫০০ থেকে দেড় হাজার করে মোট প্রায় চার লাখ টাকা দেওয়া হয়।”
দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জোটের কর্মীরা কয়েক দিন ধরে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে গিয়ে এ অর্থ সংগ্রহ করেন বলে তিনি জানান।
জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সহ-সভাপতি মণি সুপান্থ, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ জেলা উদীচীর সহ-সভাপতি মাইনুদ্দিন মানিক, কবি আরিফ বুলবুল, কবি আহমেদ বাবলু, সাংবাদিক আফসার বিপুল, কবি রইস মুকুল, শিল্পী শাহিন মাহমুদ, চিত্রশিল্পী এ বি এম সাফিউল আলম (সাব্বির), নাট্যকর্মী জাহিদ হৃদয়, কবি কবির বিটু প্রতিনিধি দলে ছিলেন।
কিশোরগঞ্জের সাংবাদিক সংস্কৃতিকর্মী নাসরুল আনোয়ার, কিশোরগঞ্জ আজিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, নিকলীর ব্যবসায়ী হারুন অল কাইয়ুমও এ দলে ছিলেন।
