রাজশাহীতে পৃথক দুর্ঘটনা, ট্রাক চালকের সহযোগী নিহত
রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় এক ট্রাক চালকের সহযোগী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৩০ জন।
পুঠিয়া ও তানোর উপজেলায় বুধবার দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত রাব্বি হোসেন (১৯) নাটোর জেলার চাঁদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ১১টার দিকে পুঠিয়া সদরের একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকাগামী ন্যাশনাল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে নয় জনকে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে ও বাকিদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে তানোর থানার ওসি মীর্জা আব্দুস সালাম জানান, স্থানীয় চান্দুড়িয়া এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাসের ১০ যাত্রী আহত হয়।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো বলে জানান তিনি।
