২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন কর্মকর্তাকে ‘মারধর’, স্বরূপকাঠীর মেয়রের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের নেছারাবাদে উপজেলা বন কর্মকর্তাকে মারধরের অভিযোগে স্বরূপকাঠী পৌর মেয়র গোলাম মো. কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 07:42 PM

Updated : 19 Aug 2022, 04:33 PM

সোমবার পিরোজপুর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামানের আদালতে মামলাটি করেন নেছারবাদ উপজেলা বন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

বিচারক মামলা আমলে নিয়ে নেছারবাদ থানার ওসিকে নথিভুক্ত করার নিদের্শ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী মোস্তফা কামাল শামীম।

অন্য আসামিরা হলেন, নেছারবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, আটঘর কুড়িয়ান ইউপি চেয়ারম্যান শেখর শিকদার, সমুদয়কাঠী ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ করিম সবুর তালুকদার, সুটিয়াকাঠী ইউপি চেয়ারম্যান মো. গাউস তালুকদার ও স্থানীয় সাংবাদিক মো. কাওসার তালুকদার।

মামলার বরাত দিয়ে আইনচজীবী জানান, গত ৬ এপ্রিল স্বরূপকাঠি উপজেলার  কৌড়িখারা খালের মধ্যে থেকে সুন্দরী, গেওয়াসহ নানা জাতের গাছ ভর্তি একটি নৌকা আটক করে উপজেলা বন বিভাগ। এ ঘটনায়  দুজনকে আসামি করে মামলা করেন উপজেলা বন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

“পরে মামলা তুলে নেওয়া জন্য তাকে নানা চাপ দিতে থাকের স্থানীয় প্রভাবশালীরা। এরপর গত ৪ মে বিকালে সাজ্জাদ হোসেনকে ফোন করে তার কার্যালয়ে যেতে বলেন স্বরূপকাঠির মেয়র গোলাম কবির।”

মোস্তফা কামাল বলেন, সেখানে গেলে মেয়রসহ আসামিরা তাকে আটক গাছসহ নৌকা ছেড়ে দিতে ও মামলা তুলে নিতে বলে। এতে রাজি না হলে তাকে গালাগালি ও মারধর করা হয়।

আসামিদের মধ্যে একজন অস্ত্র ঠেকিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে জানান এ আইনজীবী।