২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের নিচে বাবা-মেয়ে: আরও ১ জন গ্রেপ্তার 

গাজীপুরে ট্রেনের নিচে মেয়ে ও বাবার মৃত্যুর ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 01:53 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, উপজেলার গোসিঙ্গা এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে মো. শহীদুল ইসলাম শহীদ নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

কর্ণপুর গ্রামের মো. নাজির উদ্দিনের ছেলে শহীদ এ মামলার দুই নম্বর আসামি। এ নিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।

কর্ণপুর ভিটিপাড়া গ্রামের হযরত আলী (৪৫) ও মেয়ে আয়েশা (৮) শনিবার ট্রেনের ধাক্কায় মারা যান বলে জানিয়েছিলেন শ্রীপুর রেলস্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া।

কিন্তু হযরত আলীর স্ত্রী হালিমা বেগম অভিযোগ করেন, ‘জমি দখল ও মেয়েকে ধর্ষণচেষ্টার’ বিচার না পাওয়ায় তার স্বামী মেয়েকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেছেন।

এরপর সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকও বলেন, গাজীপুরে ট্রেনের নিচে মেয়েসহ বাবার মৃত্যু ‘দুর্ঘটনা নয়’, বিচার না পাওয়ায় তারা আত্মহত্যা করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশের নামে বিচার থেকে বঞ্চিত করেছেন অভিযোগ করে ঘটনার পরদিন ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় মামলা করেন হালিমা। গোসিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেনসহ সাতজনকে সেখানে আসামি করা হয়।

পুলিশ আবুল হোসেনকে আটক করলে সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠায়।

ওসি আসাদুজ্জামান বলেন, এ মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।