২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

যশোরে এক করাত কলের নৈশ প্রহরী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 08:11 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

মঙ্গলবার যশোরের বিশেষ জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কেশবপুর উপজেলার চাঁদড়া এলাকার জোহর আলী বাবু ওরফে ট্যারা খোকন, সদর উপজেলার মধ্যকচুয়া এলাকার আব্দুর রউফ মোল্যা, মণিরামপুর উপজেলার রত্নেশ্বরপুর এলাকার রেজাউল ওরফে শাহাজান, সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার শামিম, কেশবপুর উপজেলার কোমলপুর এলাকার ইসাহক আলী এবং মণিরামপুর উপজেলার ঘুঘুরাইল এলাকার মোজাম আলী।

তারা সবাই পলাতক রয়েছেন।

একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান আদালতের পিপি এসএম বদরুজ্জামান পলাশ।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০০ সালের ১২ মার্চ রাতের কোনো এক সময়ে মণিরামপুর উপজেলার বেগারীতলা বাজারের একটি করাত নৈশ প্রহরী আবু বকরকে শ্বাসরোধ করে হত্যা করে কাছের একটি মাঠে ফেলে রাখা হয়।

এ ঘটনায় পরদিন মিল মালিক আব্দুস সামাদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৩ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।