গাজীপুরে বাসচাপায় নারী পথচারী নিহত
গাজীপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক নারী নিহত হয়েছেন।
সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক ফাঁড়ির এসআই মো. আব্দুস সালাম জানান।
নিহত মিলি আক্তার (৫০) ভোলা জেলার আব্দুর রশিদের স্ত্রী। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ছেলে গিয়াসউদ্দিনের বাড়িতে থাকতেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই আব্দুস সালাম বলেন, “নাতি নিলম ও লিমাকে নিয়ে চান্দনা-চৌরাস্তা এলাকায় রাস্তা পারপরের সময় ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মিলির মৃত্যু হয়।”
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলির লাশ উদ্ধার ও বাসটি আটক করে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
