নাটোরে দুই প্রকৌশলীকে কুপিয়ে জখম
নাটোর সদরে দুই প্রকৌশলীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত হামলাকারীরা।
রোববার উপজেলার হালসা ফুলসড় এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার হন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবু সাইদ (৩০) এবং নলডাঙ্গা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা (৩৭)। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত দুজন জানান, বিকালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে হালসা ইউনিয়নের পারহালসা এলাকায় নির্মানাধীন সেতুর ঢালাই কাজ দেখে মোটরসাইকেলে করে নাটোরে ফিরছিলেন তারা।
ফুলসড় এলাকার আবুল খায়ের কলেজের সামনে একটি মোটরসাইকেলে আসা তিন অপরিচিত যুবক পেছন থেকে এসে হটাৎ এলোপাথাড়ি কুপিয়ে তাদের জখম করে পালিয়ে যায় বলে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায় বলে জানান তারা।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আবু সাইদের পিঠের উপরের অংশে এবং মাসুদ রানার ডান হাতের কব্জিতে ‘গুরুতর জখম’ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে তাদের দেখতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আরিফ মোহাম্মাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বলেন, শহীদ মিয়াজি কন্সট্রাকশনের ঠিকাদার মিলন হোসেনের সেতুর ঢালাই কাজ দেখে অফিসে ফিরছিলেন দুই প্রকৌশলী। এসময় তিনজন দুর্বৃত্ত পথরোধ করে তাদের কুপিয়ে চলে যায়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আরিফ মোহাম্মাদ বলেন, কী কারণে তাদের কুপিয়ে জখম করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে যে বা যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি মশিউর রহমান বলেন, খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
