সার্টিফিকেট বাণিজ্য করতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার নামে কাউকে সার্টিফিকেট বাণিজ্য করতে দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি দেন।
শিক্ষামন্ত্রী বলেন, “একসময় ব্যবসার উদ্দেশ্যে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। ২০১০ সালে আইন করে এগুলোকে একটি নীতিমালার মধ্যে আনা হয়েছে।
“বিশ্ববিদ্যালয়ের নামে এখন কাউকে ব্যবসা বা সার্টিফিকেট বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না।’’
শর্তপূরণ না করে কেউ বিশ্ববিদ্যালয় চালাতে পারবেন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে। শর্ত পূরণে যারা ব্যর্থ হবে তাদের অনুমোদন বাতিল করা হবে।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরি পেতে কোনো বৈষম্যের শিকার হবেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, সবার জন্য সরকারি সুযোগ উন্মুক্ত। যার যার মেধা দিয়ে সুযোগ কাজে লাগাতে হবে।
“এখন দেশে ১৩৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ক্ষমতা আরও বাড়াতে হবে।”
মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. ফরাস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ।
