পিরোজপুরে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’, স্বামী আটক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
মঠবাড়িয়া থানার ওসি কে এম তরিকুল ইসলাম জানান, রোববার গভীর রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোট সিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুলালী রানী (২৮) ওই গ্রামের রিপন চন্দ্র মিস্ত্রীর (৩২) স্ত্রী।
এ ঘটনায় সোমবার রিপনকে আটক করেছে পুলিশ।
দুলালীর বাবা নারায়ণ চন্দ্র বলেন, ১০ বছর আগে রিপন ও দুলালীর বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি মেয়ে ও তিন বছরের একটি ছেলে রয়েছে।
“সম্প্রতি বরগুনা পাথরঘাটা উপজেলার খাসতাবক গ্রামের এক মেয়ের সঙ্গে রিপনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ ঘটনার জেরে রোববার রাতে দুলালীকে শ্বাসরোধে হত্যা করে সকালে আত্মহত্যা বলে প্রচার করতে থাকে রিপন।”
পরে পুলিশকে বিষয়টি জানালে রিপনকে আটক করে বলে জানান তিনি।
ওসি তরিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ রিপনকে আটক ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
