২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন  

সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও বন্ধ ঘোষিত কেন্দ্রে পুনঃনির্বাচন মিলে দেশের ১৫৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।  

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 04:40 PM

Updated : 11 Oct 2022, 01:49 PM

রোববার সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।

কুমিল্লা, সিরাজগঞ্জ ও চাঁদপুরে তিন ইউনিয়নে তিন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন কর্জনের ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জে বিএনপি, কুমিল্লায় স্বতন্ত্র এবং চাঁদপুরে আওয়ামী লীগ প্রার্থী বর্জনের ঘোষণা দেন।

গত বছর দলীয় ভিত্তিতে মার্চ-জুনে ছয় ধাপে তিন সহস্রাধিক ইউপি ভোট হয়। এরপর অক্টোবর-নভেম্বরে বিলুপ্ত ছিটমহলসহ আরও কিছু ইউপি’র ভোট হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তফসিল ঘোষণার সময় ১৭৩টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু আইনি জটিলতার কারণে ১৮টা ইউপিতে ভোট হয়নি।

কুমিল্লা প্রতিনিধি জানান, ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে জিয়ারকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

দুপুরে তিতাস উপজেলার জিয়াকান্দির নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে গোলাম সারোয়ার এ ঘোষণা দেন।

তিনি বলেন, “এ নির্বাচন প্রহসনের নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই।

“কেন্দ্র্র দখল, ভোট কারচুপির কারণে আমি এ নির্বাচন বর্জন করলাম। পাশাপাশি নির্বাচন কমিশনকে অনুরোধ করব পুনরায় তফসিল ঘোষণা করে আবার ভোট গ্রহণের।”

জিয়ারকান্দি ইউনিয়নে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলী আশরাফ ও স্বতন্ত্র গোলাম সারোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৬ সালে ৮ অক্টোবর চেয়ারম্যান মনির হোসেন সরকার খুন হওয়ায় পদটি শূন্য হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ভোট কারচুপি, কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী নাজমুল হুদা।

দুপুরে ঘুড়কা বাজারে গণমাধ্যমকর্মীদের কাছে আওয়ামী লীগ প্রার্থী জিল্লুর রহমান সরকারের বিরুদ্ধে এ অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

২০১৬ সালের ২২ মার্চ ঘুড়কা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি প্রার্থী আবু সাঈদ সরকার জয়ী হন। গত নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যাওয়ায় পদটি শূন্য হয়।

চাঁদপুর প্রতিনিধি জানান, বিদ্রোহী প্রার্থীর কেন্দ্র দখল ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আমিরুল ইসলাম পাটওয়ারী খোকা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

দুপুরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী মঞ্জুর মোর্শেদ স্বপনের আনারস প্রতীকের পক্ষে বহিরাগতরা প্রকাশ্যে সিল মারে। তাই তিনি এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। প্রার্থী আমিরুল ইসলাম পাটওয়ারীও আমাকে কিছু জানায়নি।”

মতলব দক্ষিণ থানার ওসি কুতুবউদ্দিন বলেন, দুপুরে খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনী দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তবে এই ঘটনায় কেউ আটক বা হতাহত হয়নি।